২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী সুলতানের ৯০তম জন্মবার্ষিকী

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:15 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার সকাল ৭টায় সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সুলতান কমপ্লেক্স ও নড়াইল জেলা প্রশাসন দোয়া মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সুলতান কমপ্লেক্সে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।

আলোচনাসভা শেষে প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. মেছের আলি এবং মাতা মোছা. মাজু বিবি।

বরেণ্য এ চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পেয়েছেন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।