২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টুন ভেঙ্গে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট অচল

শরীয়তপুরের ফেরিঘাটে পন্টুনের একটি অংশ (র‌্যাম্প) ভেঙ্গে যাওয়ায় মেঘনা নদীতে পারাপারের কাজ বন্ধ হয়ে গেছে।    

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 12:09 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

ফলে শনিবার সকাল থেকে নদীপথে দক্ষীণাঞ্চলের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের ইজারাদার জিতু বেপারি জানিয়েছেন, সকালের দিকে শরীয়তপুরের আলু বাজার ফেরিঘাটের পন্টুনের ‘র‌্যাম্প’ ভেঙ্গে যায়।

এ কারণে মেঘনায় শরীয়তপুর আলুবাজার ঘাট ও চাঁদপুর ঘাটের দুই পাড়েই চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এবং বেনাপোল, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর, শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাকসহ প্রায় দুই শতাধিক পরিবহন আটকা পড়েছে বলে জানিয়েছেন ঘাটের আরেক ইজারাদার মোক্তার দিদার।

ঘাট কর্মকর্তাদের অভিযোগ দীর্ঘদিন যাবত পন্টুনের র‌্যাম্পটি ঝুকিপূর্ণ ছিল। নৌপরিবহন কর্তৃপক্ষ ‘বিআইডব্লিউটিএ’র গাফলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

ইজারাদার জিতু ও মোক্তার জানিয়েছেন, খবর পেয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। মেরামতের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিকেল নাগাদ চলাচল শুরু হতে পারে বলে আশা করছে ঘাট কর্তৃপক্ষ।