চট্টগ্রামে আবারো ছিনতাইকারীর কবলে সাংবাদিক
এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে আবারো ছিনতাইয়ের শিকার হয়েছেন আরেক সাংবাদিক।
শুক্রবার দিনে-দুপুরে ছিনতাইকারীরা দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক স্বরূপ ভট্টাচার্যকে ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে ঘাট ফরহাদবেগ এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে চেরাগী পাহাড়ের কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
“সিটি করপোরেশন ভবনের সামনে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আমার রিকশার গতিরোধ করে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন, ৫০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।”
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, “সাংবাদিক স্বরূপ ভট্টাচারর্য থানায় ছিনতাইয়ের ঘটনাটি জানিয়েছেন। আমরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছি।”
গত ১ অগাস্ট সন্ধ্যায় নগরীর জামালখান এলাকায় দৈনিক আজাদীর সাংবাদিক মোরশেদ তালুকদারের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
