২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণের চামড়া ও মাংস উদ্ধার

সুন্দরবনে শিকার করা তিনটি হরিণের চামড়া ও ত্রিশ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগ। তবে কোনো শিকারিকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 05:09 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়মিত টহল দেয়ার সময় বন প্রহরীরা কচিখালী এলাকায় পৌঁছলে একদল চোরা শিকারি তাদের উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যায়।

পরে বন প্রহরীরা সেখানে উঠে তল্লাশি চালিয়ে তিনটি হরিণের চামড়া ও ত্রিশ কেজি মাংসভর্তি একটি বস্তা দেখতে পান।

তিনি জানান, চোরা শিকারিরা বৃহস্পতিবার দিনের কোনো এক সময় ফাঁদ পেতে সুন্দরবন থেকে বিরল প্রজাতির হরিণ শিকার ও জবাই করে বিক্রির জন্য লোকালয়ে নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

হরিণের মাংস গহীন বনে মাটি চাপা দেয়া হয়েছে এবং চামড়া তিনটি সংরক্ষণ করা হয়েছে।

কচিখালী ফরেস্ট কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম অজ্ঞাত চোরা শিকারিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি বিভাগীয় মামলা করেছেন বলে জানান এসিএফ কামাল।