২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ নয়, ‘আইডিয়া’ বিক্রি করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ ‘বিক্রি’ করছে মন্তব্য করে এর পরিবর্তে তাদের ‘আইডিয়া বিক্রির’ আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 04:25 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শুক্রবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‘একুশ শতকের ক্লাসরুম: গতিপথ, ইস্যু ও পরিবর্তন’ শীর্ষক ওই সম্মেলনে তিনি বলেন, “কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় জ্ঞান বিতরণের পরিবর্তে সনদ আর ডিগ্রি বিতরণ করে। তবে এটাই পূর্ণাঙ্গ চিত্র নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও আমাদের দেশে গড়ে উঠেছে।”

বিভিন্ন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “বিভিন্ন দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা অগ্রগতির চালকের আসনে রয়েছে। যেমন দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের চ্যালেঞ্জিং ইনোভেশনগুলো করছে সেখানকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো।”

আজাদ চৌধুরী বলেন, সম্প্রতি তিনি ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা কিছু প্রোজেক্ট দেখেছেন, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে ‘বড় একটি জায়গা’ দখল করে নিয়েছে।

“এজন্য এখানকার শিক্ষক শিক্ষার্থীদের মিলে জ্ঞান সৃষ্টির জায়গায় যেতে হবে। আর সবার আগে ইংরেজি শিখতে হবে। ফ্রান্সও এখন ইংরেজি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, যাদের ভাষা বিশ্বজুড়ে ইংরেজির প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত হতো।”

একটি বিশ্ববিদ্যালয় সরকারি না- বেসরকারি, সেই পার্থক্য এক সময় আর কেউ বিবেচনা করবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

“তারা কেউ সনদ বিক্রি করবে না, আইডিয়া বিক্রি করবে। আর তা প্রয়োজন মেটাবে যুগের, সময়ের।”

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, সময়ের পরিবর্তনে উচ্চ শিক্ষাও আমূল বদলে যাচ্ছে। ‘টুলস’ ও ‘কারিকুলামের’ পাশাপাশি বিষয়েরও বৈচিত্র্য আসছে।

“এর মধ্যে কেউ মনে করছে ক্লাসরুম আর থাকার দরকার নেই। অনলাইনেই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। বিশ্বজুড়ে এই ধারা শক্তিশালী হচ্ছে। অনলাইন শিক্ষায় একটি কেন্দ্র থাকলেও পুরো পৃথিবীই ক্লাস রুম হিসাবে ব্যবহৃত হয়।”

অবশ্য এই ধারার বিপরীত ধারণাও যে ‘বেশ শক্তিশালী’ তা স্বীকার করেন একে আজাদ।

তিনি বলেন, “ছাত্র-শিক্ষক সরাসরি যোগাযোগ, মিথস্ক্রিয়া ক্লাসরুম ছাড়া হয় না। শিক্ষার মাধ্যমে মানুষ কেবল গ্রহণই করে না, অনেক কিছু বর্জনও করে। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংস্কৃতি থেকে শিক্ষার্থীরা এটা পায়, যা অনলাইন শিক্ষায় সম্ভব নয়।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের আনাহেইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ডি কারটিস।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ব্রেন্ডান ম্যাকশেরি ওবে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান ড. কায়সার হামিদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।