২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনানিবাসের জন্য’ জমি অধিগ্রহণের প্রতিবাদে মুন্সীগঞ্জে অবরোধ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘সেনানিবাসের জন্য জমি অধিগ্রহণের’ উদ্যোগের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি সমষপুরে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত একঘণ্টা এলাকাবাসীর এই অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দক্ষিণ পাইকসা ও সমষপুর মৌজার জমি অধিগ্রহণের উদ্যোগ বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন সংশ্লিষ্ট এলাকার জমির মালিকরা।

সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পাশে মানববন্ধন এবং ১১টা থেকে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। 

অবরোধকারীরা জানান, সেনানিবাস স্থাপনের জন্য শুক্রবার দক্ষিণ পাইকসা ও সমষপুরসহ আশপাশের মৌজায় প্রায় ৬০ একর জমি অধিগ্রহণের জন্য লাল পতাকা বসিয়ে দেয়া হয়।

তাদের দাবি, এই জমি অধিগ্রহণ করা হলে অনেকেই ভূমিহীন হয়ে পড়বে।

পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবং লাল পতাকা সরিয়ে নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনাবাহিনীর জমি অধিগ্রহণ এখনো  হয়নি। তারা সেখানে জরিপ সংক্রান্ত কাজে লাল নিশানা লাগিয়ে ছিল। তা সরিয়ে নেয়া হচ্ছে।”

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মিয়া মো. কুতুবুর রহমান জানান, অবরোধ তুলে নেয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পে সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সেনাবাহিনীর কম্পোজিট ব্রিগেডের জন্য মাওয়া-জাজিরায় সেনানিবাস স্থাপন করা হবে। এজন্য সেনাবাহিনীকে জমি অধিগ্রহণ করে দেবে সেতু বিভাগ।