নির্বাচনোত্তর নির্যাতন: যশোরে ধর্ষণ মামলায় অভিযোগপত্র
৫ জানুয়ারির নির্বাচনের পর যশোরের মণিরামপুরের ঋষিপল্লীতে হামলা চালিয়ে দুই গৃহবধূকে ধর্ষণের মামলায় ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বহুল আলোচিত এই ঘটনার তদন্ত শেষে বৃহস্পতিবার এ্ই অভিযোগপত্র আদালতে জমা দেন সিআইডির পরিদর্শক হুমায়ুন কবীর।
তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত এবং আটক দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া না যাওয়ায় আটক লেবুগাতি গ্রামের মিঠু এবং হিদিয়া গ্রামের মফিজকে অব্যাহতি দিতে আদালতের কাছে সুপারিশ জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
আসামিরা হলেন- হাজরাইল গ্রামের গুরুপদ দাসের ছেলে উত্তম দাস, ভোমরদাহ গ্রামের মনির উদ্দিনের ছেলে মফিজ গাজী, মৃত আবের আলীর ছেলে সোহরাব হোসেন, শামসুর রহমানের ছেলে সাইফুর ইসলাম, আছর আলীর ছেলে রেজাউল ইসলাম, মোন্তাজ গাজীর ছেলে আলীম, ইন্তাজ আলী ছেলে সিদ্দিকুর রহমান, তছির উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, হাসেম গাজীর ছেলে ইলিয়াস ও আব্দুর রাজ্জাকের ছেলে আবু তাহের।
এদের মধ্যে সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, আলীম, ইলিয়াস ও আবু তাহের পলাতক।
আটকদের মধ্যে মফিজ গাজী ও সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দোষ স্বীকার এবং অন্যদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন বলে সিআইডি কর্মকর্তা হুমায়ুন জানান।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বয়কট করে তা প্রতিহতের ঘোষণা ছিল বিএনপি-জামায়াত জোটের।
ওই নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যেতে হিন্দুদের মানা করে বলে তদন্তে উঠে এসেছে।
“হাজরাইল গ্রামের ঋষী পল্লীর বাসিন্দারা ভোট দিতে যাওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ৭ জানুয়ারি রাতে অস্ত্রশস্ত্র নিয়ে পল্লীর দুটি বাড়িতে চড়াও হয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে দুই গৃহবধূকে ধর্ষণ করে,” বলেন তদন্ত কর্মকর্তা।
ধর্ষিত দুই গৃহবধূ ১০ জানুয়ারি অপরিচিত ৬/৭ কে আসামি করে মনিরামপুর থানায় মামলা করেন। মামলা দুটি প্রথমে মনিরামপুর থানা তদন্ত করে, পরে এই দায়িত্বে আসে সিআইডি।
এই ঘটনা সারাদেশে আলোচিত হলে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন এই হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ায়।
