ছাড়া পেলেন নূর হোসেনের বান্ধবী নীলা
নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসী নীলা জামিনে ছাড়া পেয়েছেন।
প্রায় দুই মাস কারাবাসের পর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফোরকান ওয়াহিদ।
নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, কাউন্সিলর নীলা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
গত ২৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় করা জুয়েল হত্যা মামলায় পুলিশ নীলাকে গ্রেপ্তার করে। ওই দিনই পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফাইল ছবি
আদালত সুত্রমতে, ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের আইউব নগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েলের দেহ ও পরে মাথা উদ্ধার করে পুলিশ। ২৭ অক্টোবর থানার এস আই জিন্নাহ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
পরে গ্রেপ্তারকৃত সোহাগ ওরফে কালা সোহাগ, মনা ডাকাত ও সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর মধ্যে সোহাগ ও মনা ডাকাত তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে নীলার নাম উল্লেখ করে বলে।
জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৪, ৫ ও ৬) এর কাউন্সিলর।
