২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমিকাকে উত্ত্যক্তের প্রতিশোধে’ হামলা, নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘প্রেমিকা উত্ত্যক্তের প্রতিশোধে’ সহযোগীদের নিয়ে এক যুবকের হামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো আট শ্রমিক।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

নিহত কাওছার মিয়া (২০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলীনগর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি।

শ্রীমঙ্গল থানার এসআই বজলুর রহমান জানান, বুধবার বিকাল ৪টার দিকে ওই ভবনে কাজ করার সময় শ্রমিকদের উপর হামলায় কাওছার গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, “প্রেমিকাকে উত্ত্যক্তের প্রতিশোধ নিতে এক যুবক তার সহযোগীদের নিয়ে এ হামলা চালায় বলে আহত শ্রমিকরা জানিয়েছেন। তবে তারা স্থানীয় বাসিন্দা না হওয়ায় হামলাকারীদের চিনতে পারেন নি।”

বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি বলে জানান এসআই বজলুর।

আহতরা হলেন, জাবেদ আলী (২২), মোশাহিদ (২৫), শাহিন (২৩), জহির (২৪), লিলু মিয়া (২০), করম আলী (২৫), মনির মিয়া (২৬) ও সৈয়দ মিয়া (৩০)। এরা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উত্ত্যক্তের সঙ্গে তারা জড়িত নয় দাবি করে আহত শ্রমিক জাবেদ ও মোশাহিদ জানান, মঙ্গলবার বিকালে যুবকটি তার প্রেমিকাকে নিয়ে নির্মাণাধীন ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় কে বা কারা মেয়েটিকে বাজে মন্তব্য করে।

তাদের অভিযোগ, এর প্রতিবাদে যুবকটি তাৎক্ষণিকভাবে ভবনে এসে তাদের শাসিয়ে চলে যায়।  এ ঘটনার জেরে বুধবার বিকালে যুবকটি লাঠিসোঠাসহ ৪০/৫০ জনকে নিয়ে ভবনের কাজ করা শ্রমিকদের ওপর হামলা চালায়।