মাওয়ায় লঞ্চডুবি: বরিশালে নদীতে যুবকের লাশ
বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে, যিনি মুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’ এর যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের ফজরপুর গ্রামে নদীতে ভাসছিল লাশটি।
মরদেহ উদ্ধারের পর প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয় বলে জানান ওসি।
নিহত জাকির হোসেনের (৩০) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী গ্রামে। বাবার নাম আ. হামিদ হাওলাদার।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অস্থায়ী কন্ট্রোল রুমে যোগাযোগ করেছি। লঞ্চডুবিতে নিখোঁজদের তালিকায় জাকিরের নাম রয়েছে।”
জাকিরের পরিবারকেও খবর দেয়া হয়েছে। তার বাবা হামিদ মেহেন্দিগঞ্জের পথে রওনা হয়েছেন বলে জানান ওসি।
নিহতের পরিবারের বরাত দিয়ে উজ্জ্বল জানান, জাকির ঢাকায় চাকরি করতেন। দেশের বাড়িতে ঈদ করে ফিরছিলেন তিনি।
