পিনাকের খোঁজে অভিযান চতুর্থ দিনে
মুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়ার লঞ্চ পিনাক-৬ এর অবস্থান সনাক্ত করতে চলছে চতুর্থ দিনের অভিযান।
চট্টগ্রাম বন্দর থেকে শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে মাওয়ায় পৌঁছানোর পর টাগবোট ‘কাণ্ডারি-২’ বুধবার গভীর রাতে প্রাথমিক তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার সকালে নৌযানটি আবার লঞ্চডুবির ঘটনাস্থল ঘিরে আট কিলোমিটার এলাকায় সোনার দিয়ে স্ক্যান শুরু করছে বলে জানান কাণ্ডারি-২ এর ক্যাপ্টেন মঞ্জুর।
তিনি বলেন, “আমরা চাঁদপুরের ছয় কিলোমিটার ভাটি থেকে কাজ শুরু করে মাওয়ায় পৌঁছেছি। তবে লঞ্চের সন্ধান এখনও পাইনি।”
নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরাও এই অভিযানে অংশ নিচ্ছেন।
তিন দিনেও লঞ্চের অবস্থান জানতে না পারায় উদ্ধার অভিযান কার্যত আটকে আছে শুরুর জায়গাতেই। লঞ্চের অবস্থান খুঁজে পেতে কাণ্ডারি-২ এর যন্ত্রপাতি কার্যকর ভূমিকা রাখবে বলে উদ্ধারকর্মীরা আশা করছেন। তারা বলছেন, লঞ্চের অবস্থান সনাক্ত করা গেলে তবেই উদ্ধারকারী জাহাজ রুস্তম ও নির্ভীককে কাজে লাগিয়ে সেটি উদ্ধারের কাজ শুরু হবে।
এ কাজের জন্য চট্টগ্রাম বন্দরের সার্ভে ভেসেল জরিপ-১০ কে খবর দেয়া হলেও বিরূপ আবহাওয়ার কারণে সেটি মাঝপথেই ফিরে যায়। জরিপ-১০ এর যন্ত্রপাতি নিয়েই মাওয়ায় এসেছে টাগবোট ‘কাণ্ডারি-২’।
ক্যাপ্টেন মঞ্জুর বলেন, নদীর তলদেশে কাদা থাকলে তার নৌযানের শক্তিশালী ‘স্ক্যানার’ দিয়ে ১৫০ ফুট গভীর পর্যন্ত পর্যবেক্ষণ করা যাবে। ফলে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চটি গত তিন দিনে পলিতে ঢাকা পড়ে গেলেও সেটির অবস্থান জানা সম্ভব হবে বলে উদ্ধারকর্মীরা আশা করছেন।
সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে লৌহজং ক্রসিংয়ে লঞ্চ এমএল পিনাক-৬ ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ১১০ জনকে উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা নিখোঁজদের তালিকা অনুযায়ী এখনো ১২৩ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এদিকে মাওয়ায় দুর্ঘটনাস্থল থেকে ভাটিতে পদ্মা, মেঘনাসহ কয়েকটি নদীতে বিভিন্ন স্থানে ভেসে উঠছে লাশ।তীব্র স্রোতের কারণে নদীতে ভেসে লাশ সমুদ্রে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বুধবার পর্যন্ত ভোলা সদর ও চাঁদপুরের হাইমচরের মেঘনায়, শরীয়তপুরে পদ্মায় এবং বরিশালের ছোট কালাবদর ও মেঘনা নদী থেকে ২৩ জনের লাশ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, পরিচয় জানার পর ১২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের নিয়ে মাওয়ায় পদ্মা সেতু রেস্ট হাউসে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “লঞ্চ উদ্ধারে সব রকম চেষ্টা চলছে। প্রবল স্রোতে হয়তো লঞ্চটি ডুবে যাওয়ার স্থানে নেই। বালির নিচেও চাপা পরে থাকতে পারে। তাই লঞ্চটির অবস্থান চিহ্নিত করা কঠিন হচ্ছে।”
