নিউ ইয়র্কে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন শেখ হাসিনা
জাতিসংঘ মহাসচিব বান-কি মুনের উদ্যোগে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে এই সম্মেলন হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন রা্ষ্ট্রনেতার যোগদানের কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীরে ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রওনা হওয়ার কথা।”
জলবায়ু সম্মেলনের পর ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনেও শেখ হাসিনা যোগ দেবেন।
বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন বলে প্রেসসচিব জানান।
২৬ সেপ্টেম্বর শেখ হাসিনার ভাষণের সময় নির্ধারিত হতে পারে বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা আভাস দিয়েছেন।
বাংলাদেশ মিশনের প্রেসসচিব মামুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও হতে পারে।
গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছিল। এছাড়া ওবামার দেয়া ভোজসভায় যোগ দেন তিনি।
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এবার ৪০ বছর পূর্তি হবে সদস্যপদের, আর তা উদযাপনে বাংলাদেশ মিশনে প্রস্তুতি চলছে।
নিউ ইয়র্কে এবারো শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে।
