মিল্কি হত্যা: গ্রেপ্তার বাবু রিমান্ডে
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যামামলায় গ্রেপ্তার আমিনুল এহসান বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বাবুকে মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিকুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, বাবু এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডে ‘অংশগ্রহণকারী’ যুগলীগ নেতা জাহিদ সিদ্দিক তারেকের সহযোগী।
গত ১৭ জুন আদালতের আদেশে এই হত্যামামলার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। এ মামলায় আগামী ১০ অগাস্ট অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রয়েছে।
গত ১৫ এপ্রিল ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব। আসামিদের মধ্যে তারেক ছাড়া অন্যরা হলেন- সাখাওয়াৎ হোসেন চঞ্চল, মোসাম্মৎ ফাহিমা ইসলাম লোপা, জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম, শরীফ উদ্দিন পাপ্পু।
এদের মধ্যে ফাহিমা ইসলাম জামিনে এবং সাখাওয়াৎ হোসেন, আরিফ, ইব্রাহীম, রফিকুল পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে।
র্যাব অভিযোগপত্র দিলে তাতে নারাজি দেন মামলার বাদী নিহত মিল্কির ভাই মেজর রাশেদুল হক খান। তার আবেদনে পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।
হত্যাকাণ্ডের মূল সাত আসামিকে বাদ দেয়া হয়েছে দাবি করে এই আবেদন করেছিলেন বাদী রাশেদ। ওই সাতজনের মধ্যে বাবুর নাম রয়েছে।
অন্যরা হলেন- জাহিদুল ইসলাম টিপু, ওয়াহিদুল আলম আরিফ, আহকাম উল্লাহ, মাহবুবুল হক হিরক, এনামুল হক ও মাসুম উদ্দিন আহমেদ।
