২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোবায় ডাক্তার-স্যালাইন নিতে বাধার অভিযোগ

তোবা শ্রমিকদের সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বের করে দিতে বিপুল সংখ্যক পুলিশ ঢুকেছে বাড্ডার হোসেন মার্কেটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 11:49 AM

Updated : 13 Oct 2022, 12:25 PM

পুরনো খবর:

তোবা গ্রুপের দেলোয়ারের জামিনের বিরুদ্ধে আপিল হচ্ছে
তোবা নিয়ে রাজনীতিতে বাম নেতারা: বিজিএমইএ
‘তোবাকর্মীদের বকেয়া বুধবার না পেলে হরতাল’

একইভাবে অনশনস্থলে থাকা চিকিৎসকদেরও বের করে দেয়া হচ্ছে অভিযোগ করে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পুলিশ অনশনে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের জন্য স্যালাইন নিতেও বাধা দিচ্ছে।

গত ২৮ জুলাই থেকে তোবাকর্মীদের সঙ্গে অনশন চালিয়ে আসা মিশু এখনো হোসেন মার্কেটের সপ্তম তলায় আন্দোলনকারীদের সঙ্গে আছেন। 

তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জোর করে তুলে দেয়ার চেষ্টা করছে। এখানে দুইশর বেশি শ্রমিক অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জন্য ডাক্তার বা স্যালাইন আনতে দেয়া হচ্ছে না।”

কয়েকটি সংগঠন আংশিক বেতন নেয়ার জন্য তোবাকর্মীদের জোর করে বিজিএমইএ ভবনে নিয়ে যেতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন।  

তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তারা পরিচয়পত্র দেখে কেবল বহিরাগতদেরই বের করে দিচ্ছে।   

এদিকে বুধবার সকাল ১০টা থেকে বিজিএমইএ ভবনে তোবাকর্মীদের বকেয়া পরিশোধ শুরু হলেও শ্রমিকদের উপস্থিতি একেবারেই কম।

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত নয় দিন ধরে বাড্ডার হোসেন মার্কেটে কারখানা ভবনে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক।

সরকারের মধ্যস্থতায় বিজিএমইএ দুই মাসের বেতন দেয়ার জন্য রোববার দিন ঠিক করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। পোশাক শ্রমিকদের ১৫টি সংগঠন এই আন্দোলনে তোবা গ্রুপের অনশনরত শ্রমিকদের সঙ্গে রয়েছে।

তালাকাণ্ড

বিজিএমইএ ভবন থেকে আংশিক বেতন দেয়া নিয়ে উত্তেজনার মধ্যেই বুধবার সকাল থেকে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন এবং বাড্ডায় তোবার গার্মেন্ট ভবন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সকাল ১০টার দিকে খবর পাওয়া যায়, হোসেন মার্কেটের নিচ তলায় চারটি প্রবেশ পথের সবগুলোতে তালা লাগিয়ে দেয়া হয়েছে। সেখানে গিয়ে দেখা যায় প্রধান ফটকে একটি নতুন তালা ঝুলছে।

নিচে দেখা যায় ভ্যান, জলকামান ও এপিসি নিয়ে দাঁড়িয়ে আছেন শতাধিক পুলিশ সদস্য। আর ওপরে রেলিং ধরে চিৎকার করে পুলিশকে দায়ী করছেন শ্রমিকরা। 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক জলি তালুকদার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিচতলায় আমাদের কয়েকজন শ্রমিক ছিলেন। তারা জানিয়েছেন, জাহাঙ্গীর নামে এক পুলিশ কর্মকর্তা নতুন একটি তালা নিয়ে এসে প্রধান ফটকে লাগিয়ে দিয়েছে।”

শ্রমিকদের সঙ্গে অনশন চালিয়ে আসা গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তলায় জনতা ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তালা দেখে পরে তিনি পুলিশের সহায়তায় প্রবেশ করেছেন।”

এরপর বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে তালা ভেঙে প্রধান ফটক খুলে দেয় এবং বিজিএমইএ ভবনে গিয়ে বেতন নেয়ার জন্য শ্রমিকদের অনুরোধ জানিয়ে পুলিশের ভ্যান থেকে মাইকিং শুরু হয়।

এর কিছুক্ষণ পর ‘বহিরাগতদের’ বের করে দিতে বিপুল সংখ্যক পুলিশ বাড্ডার হোসেন মার্কেটে ঢোকে। ওই ভবনের সপ্তম তলায় দশ দিন ধরে অনশন চালিয়ে আসছেন তোবাকর্মীরা। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছিল। 

পুলিশি অভিযান

ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের এডিসি মাহাবুব হাসান বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়েছি অনেক শ্রমিক বেতন নিতে বিজিএমইএতে যেতে চাইলেও যারা ওই কারখানার শ্রমিক নয় তারা বাধা দিচ্ছে।

“শ্রমিকদের সিদ্ধান্ত তারাই নেবে। বাকিদের বের করে দেয়া হবে। আমরা আইডি কার্ড দেখব। যাদের আইডি কার্ড নেই, তাদের বের করে দেয়া হবে।”

এ সময় লাঠি হাতে হেলমেট মাথায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই ভবনের ভেতরে ঢোকেন, যাদের মধ্যে নারী পুলিশও ছিলেন।

এ সময় সাংবাদিকসহ সবাইকে ভবনে ঢুকতে বাধা দেয়া হয় এবং প্রায় ২০-২৫ জনকে কারখানা ভবন থেকে বের করে দেয় পুলিশ।

ভবন থেকে বেরিয়ে এসে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মঞ্জুর মইন সাংবাদিকদের বলেন, পুলিশ তাকে জোর করে বের করে দিয়েছে।

অসুস্থদের চিকিৎসা সেবা দিতে কারখানায় থাকা এক চিকিৎসককেও বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দুজন অভিযোগ করেন, তারা তোবা গ্রুপের পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ নিচ তলা থেকে তাদের বের করে দেয়।

এ সময় তোবা গ্রুপের তায়েফ ডিজাইনের কর্মী নুপূর অসুস্থ হয়ে পড়লে তাকে স্ট্রেচারে করে বাইরে এনে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

ওপরে পুলিশি অভিযানের মধ্যেই ভবনের বাইরে মিছিল করেন গণতান্ত্রিক বাম মোর্চার কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এ সময় কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে কারখানা ভবনে ঢুকতে চাইলে পুলিশ ধাক্কা দিয়ে তাদের বের করে দেয়। 

ঠিক কতোজনকে বের করে দেয়া হয়েছে জানতে চাইলে একজন উপ পরিদর্শক বলেন, “আমরা সংখ্যা গুণছি না। পরিচয়পত্র দেখে ব্যবস্থা নিচ্ছি।”

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটা পর্যন্ত পুলিশ চতুর্থ তলা পর্যন্ত অভিযান চালিয়ে আন্দোলনকারীদের বের করে দিয়েছে।

“বাড্ডা থানার ওসি এমএ জলিল কয়েকজনকে নিয়ে সাত তলায় আমাদের এখানেও এসেছিলেন। যারা তোবার কর্মী নন, তাদের সবাইকে বের হয়ে যেতে বলেছেন তিনি। আমরা আশঙ্কা করছি, আমাদেরও তারা জোর করে বের করে দেবে।”