২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিল্যান্সিংয়ে সরকারি উদ্যোগে নারীদের প্রথম প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিংয়ে নারীদের সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য  চালু হলো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 11:54 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হাইটেক পার্কের অর্থায়নে ‘স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রামের’ আওতায় নারীদের গ্রাফিক্স ডিজাইনের ওপর এ প্রশিক্ষণ উদ্যোগ বাস্তবায়ন করবে ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমান পাঁচ লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। ফ্রিল্যান্সিংয়ে ঢাকা এখন বিশ্বের তৃতীয় সেরা স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

“নারীরা এ ক্ষেত্রে এগিয়ে এলে ফ্রিল্যান্সিংয়ে শিগগির আমরা প্রথম স্থানে চলে আসতে পারব।”

হাইটেক পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, এখানে ৬০ থেকে ৭০ হাজার দক্ষ জনশক্তি লাগবে। এখন যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারাও এখানে দক্ষতার পরিচয় দেয়ার সুযোগ পাবেন।

ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম, ইলান্স-ওডেস্ক এর কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, নারী উদ্যোক্তা ইমরাজিনা ইসলাম খান উপস্থিত ছিলেন।