‘ভাতিজার’ গুলিতে চাচা নিহত
ফেনীর দাগনভূঞায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা তার চাচাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেন স্বজনরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর আলীপুর গ্রামের উত্তর আলীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. কামাল উদ্দিন (৪৫) স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী এবং ওই গ্রামের মৃত মো. করিমুল্লার ছেলে।
এ ঘটনার পর থেকে ভাতিজা নুরুল আফসার পলাতক বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ভাই সিরাজ উল্লাহ বলেন, “ভাতিজা নুরুল আফসার চাচা মো. কামাল উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। আমরা আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল পাঠায়।
তিনি আরো বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা কামাল উদ্দিনের সঙ্গে নুরুল আফসারের বিরোধ চলছিল। নুরুল স্থানীয় যুবলীগ কর্মী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, নিহতের বুকে ও মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে।
