২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালককে ওএসডির আদেশ স্থগিত

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফাকে অপসারণ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

গত ২৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক আদেশে শেখ গোলাম মোস্তফাকে ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে অপসারণ করে ওএসডি করে।

একই আদেশে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের পরিচালক মো. শামিউল ইসলামকে ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক করা হয়।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার গোলাম মোস্তফা রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে।

পাশাপাশি আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার-১ অধিশাখার উপসচিব ও শামিউলকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন বিএম ইলিয়াস কচি। তাকে সহায়তা করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জায়েদী হাসান খান।

জ্যোতির্ময় বড়ুয়া পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আদেশের ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গোলাম মোস্তফা ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক পদে থাকবেন।”

রিট আবেদনে বলা হয়, ক্যান্সার চিকিৎসায় ৩২ বছরের অভিজ্ঞতা থাকার পরও নিয়োগের ১ মাস ৯ দিনের মাথায় গোলাম মোস্তফাকে পদ থেকে সরিয়ে ‘অনভিজ্ঞ’ একজনকে নিয়োগ দেয়া হয়।

‘ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক পদে প্যাথলজির অধ্যাপক’ শিরোনামে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে ওই আবেদন করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, একাধিক ক্যান্সার বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসক থাকার পরও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক করা হয়েছে প্যাথলজির একজন অধ্যাপককে। তিনি সরকারি দলের সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য।

“চক্ষু, পঙ্গু, হৃদরোগ, স্নায়ুরোগ, বক্ষব্যাধি, কিডনি, মানসিক রোগ- এসব বিশেষায়িত হাসপাতালের পরিচালকের পদে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই আছেন। ক্যান্সার ইনস্টিটিউটের মতো বিশেষায়িত সেবাপ্রতিষ্ঠানের পরিচালকের পদে প্যাথলজির চিকিৎসককে নিয়োগ দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।”