খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত
খুলনার ফুলতলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য।
নিহত মনিরুল শেখ উপজেলার দামোদর গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে। তিনি ছয়টি হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোররাতের দিকে ফুলতলার ধোপাখোলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছয়টি বোমা, তিনটি দেশি বন্দুক, সাত রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা রয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- দুই এসআই উজ্জল দত্ত ও ইয়াসিন আলী এবং তিন কনস্টেবল আল মামুন, কৃষ্ণপদ ও হোসাইন।
গোয়েন্দা কর্মকর্তা রোকনুজ্জামান জানান, দুর্বৃত্তদের ছোড়া বোমার স্পিন্টারে আহত হলে তাদের প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে নড়াইল থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোররাতে দিকে অস্ত্র উদ্ধারের জন্য ফুলতলার ধোপাখোলা এলাকায় যায় পুলিশ।
এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মনিরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি লেগে গুরুতর আহত হন।
ত ম রোকনুজ্জামান দাবি করেন, চরমপন্থিরা পিছু হটলে গুলিবিদ্ধ মনিরুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
