২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ কামালের জন্মদিন মঙ্গলবার

বিভিন্ন কর্মসূচিতে মঙ্গলবার বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী পালন করবে আওয়ামী লীগ, এর বিভিন্ন সহযোগী সংগঠন ও আবাহনী ক্রীড়া চক্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 11:10 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

মঙ্গলবার সকাল ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমণ্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দেয়া হবে। সকাল ৯টায় বনানী গোরস্তানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল হবে।

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ও গড়ে তুলেছিলেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী দেশবাসীকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সব স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

১৯৪৯ সালের ৫ অগাস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট ২৬ বছর বয়সে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাসভবনের নিচতলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শেখ কামাল। তারপরই বাড়ির দোতলায় ওঠার সিঁড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ওই বাড়িতে হত্যা করা হয় বঙ্গবন্ধু পরিবারের সবাইকে।

শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেন।

ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ১৯৬৯’এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ ভর্তি হন।

শেখ কামাল ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ব্লু’ অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে শেখ কামালের বিয়ে হয়। ১৫ অগাস্ট সুলতানাকেও হত্যা করা হয়।