হত্যামামলা স্থগিতে হতাশ হিমুর বাবা
এক আসামির আবেদনে ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রামের আলোচিত হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলা।
সোমবার উচ্চ আদালতের এ স্থগিতাদেশ চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এসে পৌঁছায়। এরপর আদেশটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
এদিকে মামলা স্থগিত হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নিহত হিমুর বাবা। অনেক ‘প্রভাবশালীরা’ এ মামলার বিচার কাজ বিলম্বিত করতে সক্রিয় বলেও তিনি অভিযোগ করেন।
আগামী মঙ্গলবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির শুনানির দিন ধার্য ছিল। এর একদিন আগে উচ্চ আদালতের আদেশ এসে পৌছাল।
গত ১৫ জুলাই হিমু হত্যা মামলা চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এর আগে এ মামলা চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে বিচারাধীন ছিল।
দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অনুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি শাহাদাত হোসেন সাজুর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে।
“গত ২১ জুলাই হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমদের বেঞ্চ এ আদেশ দেন। আদেশটি সোমবার আদালতে পৌঁছেছে। এর ফলে বিচারকাজ ছয় মাস স্থগিত থাকবে।”
আগামী ৫ অগাস্ট এ মামলায় মাদকবিরোধী সংগঠন শিকড়ের সাধারণ সম্পাদক জাওয়াদ আলী চৌধুরীর আদালতে সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
মামলা স্থগিতের বিষয়ে হিমুর বাবা প্রবীর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যায়বিচার পাওয়া নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। মামলা দ্রুত বিচারে আসার পরপরই স্থগিত হয়ে গেল।
“আমার ছেলে হত্যার পর খুনের মামলার আসামি জামিনে আর বিচার স্থগিত। কী বলব? এ মামলার পেছনে অনেক প্রভাবশালী সক্রিয়।”
প্রবীর মজুমদার বলেন, “আসামি ধরতে শুরু থেকেই পুলিশ গড়িমসি করেছে। যাদের টাকা আর ক্ষমতা আছে তারা কি মানুষ খুন করে পার পেয়ে যাবে?
“একমাত্র মিডিয়ার কারণেই এ মামলা এখনো বেঁচে আছে। না হলে অনেক আগেই সবকিছু থেমে যেত।”
হিমুর মামা শ্রীপ্রকাশ দাশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে এই মামলাটি করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন সাজু এবং ২০১২ সালে শাহ সেলিম টিপু ও জুনায়েদ আহমেদ রিয়াদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনজনই জামিনে বেরিয়ে যান।
অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে এ বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ছয় জন মামলায় সাক্ষ্য দিয়েছেন।
