২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতি ‘ভয়াবহ’

গত চারদিনে চুয়াডাঙ্গা পৌরসভায় ডায়রিয়া পরিস্থিতি ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতালে পাঁচ শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। কিছুক্ষণ পরপরই আসছে নতুন রোগী।

কর্তৃপক্ষ জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে। এলাকার পানি পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতির ভয়বহতার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পৌর এলাকার মসজিদপাড়া, মাঝেরপাড়া, বাগানপাড়া, জ্বিনতলাপাড়া ও ইসলামপাড়ার বাসিন্দারা জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করার কারণে শুক্রবার রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন এলাকার মানুষ।  

তারা জানান, প্রথম দুয়েকদিন পৌরসভার সরবরাহ করা পানি পান করতে অন্যরকম মনে হতো, কিছুটা দুর্গন্ধও লাগত।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা বলেন, “১০০ শয্যার এ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত পাঁচ শতাধিক রোগীসহ প্রায় সাতশ’ রোগী নিয়ে চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।”

তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ তাদের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসক ও নার্সদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ, সে কারণে আক্রান্ত এলাকার পানি পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। ডায়রিয়া পরিস্থিতির ভয়বহতার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে সহযোগিতার জন্য সোমবার রাতেই ঢাকা থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসতে পারে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আক্রান্ত এলাকার পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডায়রিয়া নিয়ন্ত্রণে পৌরসভার পক্ষ থেকে আক্রান্ত এলাকাগুলোতে স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পানি ফুটিয়ে পান করার জন্যও শহরে মাইকিং করা হচ্ছে।