২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোবাকর্মীদের দাবি না মানলে হরতাল-অবরোধ’

তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বুধবারের মধ্যে পরিশোধ করা না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 12:50 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

তোবাকর্মীদের সমর্থনে সোমবার সচিবালয়ের সামনে এক পথসভায় মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী এ কথা বলেন।

মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাওয়ের কর্মসূচিতে সংহতি জানিয়ে শুভ্রাংশু বলেন, এর  মধ্যে দাবি পূরন না হলে বুধবার বেরা ১১টায় ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন করা হবে। আর বুধবারের মধ্যে দাবি না মানলে সারা দেশে হরতাল ও অবরোধ দেয়া হবে।

তোবাকর্মীদের বকেয়া পরিশোধসহ পাঁচ দফা দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা সকালে প্রেসক্লাবে মানবন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমমন্ত্রণালয় ঘেরাও করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।

এ সময় তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনেই পথসভা করেন বাম মোর্চার কর্মীরা।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তাদের মোর্চার এক কর্মী আহত হয়েছেন।

এদিকে একই দাবিতে ৩০টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশনে বসেছেন।

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত আট দিন ধরে বাড্ডায় কারখানা ভবনে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচটি কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক। বিজিএমইএর পক্ষ থেকে বুধবার দুই মাসের বেতন দেয়ার কথা জানিয়ে অনশন ভাঙার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শ্রমিকরা। 

তোবাকর্মীদের আন্দোলনে সংহতি জানানো ৩০টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন শুরু করেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা এম দেলোয়ার হোসেন জানান, তাদের এই কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলে।

জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি সুলতান বাহার বলেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রোববার যাদের নিয়ে বিজিএমইএ ভবনে বৈঠক করেছেন, তারা কেউ তোবাকর্মীদের আন্দোলনে সম্পৃক্ত নন। 

তোবাকর্মীদের বেতন পরিশোধে সরকার ও বিজিএমইএর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

এদিকে ‘নাগরিক ঐক্য পরিষদ’ ও ‘সংক্ষুব্ধ নারী সমাজ’ নামে দুটি সংগঠন একই দাবিতে প্রেসক্লাবের পাশে আলাদা মানববন্ধন করে।  

তোবাকর্মীদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।