বাগেরহাটে কিশোর রিকশাচালককে পিটিয়ে হত্যা
বাগেরহাটের মংলা পৌরসভায় ‘ধূমপানের সময়’ বিবাদে জড়িয়ে সঙ্গীদের পিটুনিতে কিশোর এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
মংলা থানার ওসি মো. বেলায়েত হোসেন জানান, রোববার রাত ২টার দিকে পৌর এলাকায় ‘সিঙ্গাপুর’ নামে একটি আবাসিক হোটেলের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ভাণ্ডারী (১৫) পৌরসভার কবরস্থান সড়কের ফারুক ভাণ্ডারীর ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোমেজ তালুকদার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বলেন, “মোমেজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, সে আর তার বন্ধু মিলে হৃদয়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।”
মোমেজ পুলিশকে বলেছেন, রাত ২টার দিকে ওই হোটেলের পেছনে বসে তারা তিনজন ধূমপান করছিলেন। এ সময় হৃদয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি ও তার বন্ধু মিলে ইট দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করেন।
এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান হৃদয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মোমেজকে নারিকেলতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডে জড়িত মোমেজের বন্ধুকেও ধরার চেষ্টা চালছে বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
