বাকলিয়ার ‘চাঁদাবাজ নাছির’ ফের গ্রেপ্তার
বন্দরনগরীর বাকলিয়া এলাকার অস্ত্র ও চাঁদাবাজি মামলার এক আসামিকে দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে নগরীর মাস্টারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩ জুন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে যান নাছির। মুক্তি পেয়েই তিনি মিয়াখান নগর এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন বলে জানান ওসি।
তিনি বলেন, “নাছিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। গত ৩ জুন গ্রেপ্তার হওয়ার আগে একটি চাঁদাবাজি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন নাছির।”
