রক্ষা পেল কয়েকশ লঞ্চযাত্রী
তলা ফেটে যাওয়ার পর কয়েকশ যাত্রী নিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী লঞ্চ এমভি আঁচল-৪।
পুলিশ জানায়, দেড় হাজার যাত্রী নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকায় লঞ্চটি জরুরি নোঙর করে।
তবে লঞ্চের মাস্টার হেমলালের দাবি, লঞ্চে সাত থেকে আটশ’ যাত্রী ছিল।
ঘটনাস্থল থেকে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমানুল্লাহ জানান, প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে পিরোজপুরের হুলারহাট থেকে দুপুর আড়াইটায় লঞ্চটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
বাবুগঞ্জ এলাকা অতিক্রমকালে লঞ্চে দুটি ছিদ্র দেখা দেয় এবং ওই ছিদ্র দিয়ে পানি ঢুকতে থাকে।
তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত বাহেরচরে নোঙর করা হয় এবং পরে সকল যাত্রী নামানো হয়।
“তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি,” বলেন এসআই আমানুল্লাহ।
লঞ্চটি মেরামতের কাজ চলছে বলেও জানান আমানুল্লাহ।
আমানুল্লাহ জানান, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য একটি লঞ্চের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে চালানোর সময় উজিরপুর উপজেলার শিকারপুর ঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটির।
পন্টুনের এ ধাক্কা লাগার কারণে লঞ্চে ছিদ্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আঁচল-৪ ও রাজদূত-৭ নামের দুটি লঞ্চ আগে ঘাটে নোঙর করার প্রতিযোগিতায় মেতে ওঠে।
এর ফলে লঞ্চ দুটি দ্রুতগতিতে পন্টুনে আঘাত হানে।
এতে পন্টুন এবং পন্টুনের পাশে থাকা ১টি হোটেল, ২টি ফলের দোকান এবং ১টি ক্লাব ক্ষতিগ্রস্ত হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌছানো আগেই লঞ্চ দুটি শিকারপুর ঘাট ত্যাগ করে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
