২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল খেলার সংঘর্ষে আহত ১৬

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার সন্ধ্যায় উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামের আবু নাসের ক্লাবে এই সংঘর্ষে হয়।

আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোল্লাহাট থানার ওসি আনম খায়রুল আনাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে মোল্লারকুল গ্রামের সাবেক ইউপি সদস্য মোল্লা ছলেমান এবং স্কুল মাস্টার মিখাইল শেখ শনিবার বিকালে স্থানীয় আবু নাসের ক্লাবের উদ্যোগে মোল্লারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সংবাদ পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ওই খেলা বন্ধ রাখার পরামর্শ দেয়।

রোববার বিকালে ফুটবল খেলা বন্ধ হওয়া নিয়ে উভয়পক্ষ আবু নাসের ক্লাবে সালিশ বৈঠকে বসে।

বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছলেমান মোল্লার সমর্থকরা উত্তেজিত হয়ে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে মিখাইল মাস্টারের সমর্থকদের উপর গুলি বর্ষণ করে। বন্দুকের ছররা গুলিতে অন্তত ১৬ জন আহত হন।

যে বন্দুক দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ওসি খায়রুল আরো জানান, আহতদের মধ্যে রয়েছেন শহীদ মোল্লা, শাহীন মোল্লা, নুর ইসলাম, আজাদ, চঞ্চল, রনি, সজীব ও শরীফুল ইসলাম। এরা সবাই মোল্লারকুল গ্রামের বাসিন্দা। তবে তারা কে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হাসান শাহরিয়ার জানান, হাসপাতালে মোট ১৬ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের পিঠে, পায়ে, নিতম্বে ও বুকে গুলিবিদ্ধ হয়েছে।