ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ওএসডি
নিয়োগে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণচন্দ্র দাশকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ আদেশ পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত হোসেন খবরটি নিশ্চিত করেছেন।
শওকত হোসেন জানান, আদেশে আগামী তিন কার্যদিবসের মধ্যে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সিভিল সার্জন (ওএসডি) পদে যোগ দিতে বলা হয়েছে ডা. নারায়ণচন্দ্র দাশকে।
এদিকে কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি না দেয়ার অভিযোগে এ চিকিৎসকের বিরুদ্ধে কসবা ও সদর থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, চলতি বছরের ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের অধীনে স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, পরিসংখ্যানবিদ, জুনিয়র মেকানিক, বাবুর্চি, ঝাড়–দার, আয়া, মালি, এমএলএসএস, ওয়ার্ড বয় পদে মোট ১৭২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২৮ মার্চ নিয়োগের লিখিত পরীক্ষা হয়। প্রতি পদের বিপরীতে পাঁচ জনকে পাশ দেখিয়ে ৩ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। ১৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ২৬ জুলাই চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশিত হয়।
এরপরই মোটা অংকের টাকা ঘুষ নিয়ে চাকরি দেয়ার অভিযোগ ওঠে সিভিল সার্জনের বিরুদ্ধে।
কসবায় বিক্ষোভ
সিভিল সার্জন নারায়ণচন্দ্র দাশকে গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করা হয়। এ সময় তারা সিভিল সার্জনের কুশপুত্তলিকা দাহ করে।
এর আগে সিভিল সার্জনের বিরুদ্ধে ১৩ চাকুরি প্রার্থীর কাছ থেকে ৩৬ লাখ টাকা ঘুষ নিয়ে চাকুরি না দেয়ার অভিযোগে জেলার কসবায় একটি ও সদর থানায় আরেকটি এজাহার দেওয়া হয়।
কসবা থানার ওসি মফিজ উদ্দিন ভুইয়া এবং সদর থানার ওসি মোস্তফা কামাল পাশা এ দুই অভিযোগ দায়েরের কথা নিশ্চিত করেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রয়াত সাংসদ লুৎফুল হাই সাচ্চুর স্ত্রী ফরিদা হাইয়ের গৃহপরিচারককে ঝাড়ুদার পদে চাকরি দিতেও সিভিল সার্জন ঘুষ চেয়েছেন বলে অভিযোগ করা হয়।
ফরিদা হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার গৃহ পরিচারককে চারকি দেয়ার জন্য সিভিল সার্জন তার কাছে তিন লাখ টাকা ঘুষ চেয়েছেন।
বিষয়টি জানিয়ে তিনি রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মো. নাসিমের কাছে একটি অভিযোগ দেন বলে জানান।
