২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালেরকণ্ঠের সাংবাদিকের উপর হামলা

দৈনিক কালেরকণ্ঠের হাওরাঞ্চল প্রতিবেদক নাসরুল আনোয়ারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বসন্তপুরে নিজ বাসায় ঢুকে এ হামলা চালানো হয়।

বল্লমের আঘাতে গুরুতর আহত নাসরুলকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার পেছনের জানালা ভেঙে কয়েকজন যুবক ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের দুটি দরজা খুলে ফেলে।

ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি জানিয়ে তিনি আরো বলেন, “ঘরের বাতি নেভানো থাকায় দুর্বৃত্তদের চিনতে পারিনি। তবে, পেশাগত কারণে ক্ষুব্ধ হয়ে কোনো মহল আমাকে হত্যা করতে চেয়েছিল বলে মনে হচ্ছে।”

নাসরুলের পরিবারের সদস্যরা জানান, বাসার ভেতরে একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায় নাসরুলের। বিছানা থেকে উঠে পাশের অন্ধকার কক্ষে যাওয়া মাত্রই বল্লম দিয়ে তাকে আঘাত করে দুবৃর্ত্তরা। তার চিৎকারে বাসার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, বল্লমের আঘাতে তার বাম হাতটি গুরুতর জখম হয়েছে। হাত থেকে বল্লমটি বের করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।

বাজিতপুর থানার ওসি সুব্রত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত সাংবাদিককে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তার বাড়িও পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।”

এদিকে সাংবাদিক নাসরুল আনোয়ারের উপর হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফা কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।