টাঙ্গাইলে দুই দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলায় দুই দুর্ঘটনায় তিন জন নিহত ও অন্তত নয় জন আহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক বৃদ্ধের নাম জানা গেলেও অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বেলা ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের দুল্লা মনসুর এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের দুই আরোহী নিহত হন এবং কারের আরো চারজন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
দেলদুয়ার থানার ওসি মো. চাঁন মিয়া জানান, দুপুরে লাউহাটি সেতুর পাশে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হন।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মিন্টু মিয়া (৭০) নামে এক জনের মৃত্যু হয়।
