থানা চত্বরে নেতার গাড়িতে আগুন
কুড়িগ্রামের রৌমারী থানা চত্বরে এক সাবেক সংসদের গাড়িতে আগুন ধরেছে, তাৎক্ষণিকভাবে যা পুলিশ নিভিয়ে ফেলে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের গাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর পর ওই গাড়ির নিচ থেকে পেট্রোল ভেজানো ফোম ও ২০টি অবিস্ফোরিত পটকা উদ্ধার করা হয়।
জাকির হোসেনের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে ওই গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রৌমারী থানার ওসি শামীম হাসান সরকার জানান, রাত আড়াইটার দিকে থানার ভিতরে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দে শুনে পুলিশ বের হয়ে দেখতে পায় থানা চত্বরে রাখা কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদের গাড়িতে আগুন জ্বলছে। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পেট্রোল ভেজানো ফোম ও অবিস্ফোরিত ২০টি ভারতীয় পটকা, বলেন ওসি।
রৌমারী থানায় ওই সময় ডিউটি অফিসার ছিলেন এএসআই মোর্শেদ।
তিনি জানান, তার সঙ্গে ডিউটিতে ছিলেন কনস্টেবল আব্দুল মতিন, আবু বকর ও হাবিবুর রহমান। তারা বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন থানার গোল ঘরের পাশে সাবেক সাংসদের গাড়িতে আগুন জ্বলছে।
এ ব্যাপারে পুলিশ রোববার একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৭৫) করেছে বলে জানান এএসআই মোর্শেদ।
জাকির হোসেনের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বত্তরা। প্রায় চার কোটি টাকা মূল্যের ‘ল্যান্ড ক্রুজার প্রাডো’ গাড়িটির ডান দিকের গ্লাস ভেঙে গেছে এবং ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে এই গাড়িতে করে তার ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার না আসায় তার যাওয়া হয়নি।
