ভাওয়াল রাজার কাচারী বাড়ি রক্ষায় জিডি
রাজধানীর চকবাজারে অবস্থিত ভাওয়াল রাজার কাচারী বাড়ি ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ জুলাই আরবান স্টাডি গ্রুপ নামের একটি সংগঠনের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম চকবাজার থানায় বাদী হয়ে এ অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চকবাজারের নলখোলা এলাকার ৪৭ ঈশ্বরচন্দ্র শীল রোডে শতাধিক বছরের পুরোনো ভাওয়াল রাজার ঐতিহাসিক কাচারী বাড়িটি অবস্থিত।
জিডিতে বলা হয়েছে, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করছে এর ইজারাদার।
বাড়িটি মো. আলাউদ্দীন নামের এক ব্যবসায়ীকে এক বছরের জন্য ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড রিফর্মস বোর্ডের অধীনে কোর্ট অব অর্ডারস এর আওতায় এক বছরের জন্য কিছু শর্তসাপেক্ষে ইজারা (লিজ) দেয়া হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তাইমুর ইসলাম।
শর্ত ছিল, ইজারাগ্রহীতা এক বছরের জন্য বাড়িটি ব্যবহার করতে পারবেন। তবে সেটি তিনি প্রয়োজন মনে করলে মেরামত বা সংস্কার করতে পারবেন। কিন্তু তার কোনো অংশ ভেঙে কাঠামোগত পরিবর্তন আনতে পারবেন না।
আলাউদ্দীন ওই শর্ত ভেঙে কাচারী বাড়িটির একটি অংশ ভেঙে ফেলেছেন অভিযোগ করে বাড়িটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশে আবেদন করেছে আরবান স্টাডি গ্রুপ।
তাইমুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐতিহ্যবাহীবাহী স্থাপনা ও ইমারতের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। ঐতিহাসিক যেসব স্থাপনার লিজ দেয়া হয়েছে সেগুলো যারা সংরক্ষণে ভূমিকা রাখতে পারছে না, তাদের লিজ বাতিল করতে হবে। সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী স্থাপনার বৈচিত্র্য অক্ষুন্ন রেখে তা মেরামতের উদ্যোগ নিতে হবে।”
জাঙ্গাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একশ বছরেরও বেশি পুরোনো কোনো ঐতিহ্যবাহী স্থাপনা হেরিটেজ হিসেবে ধরা হয়। সেটি ইজারা নিয়ে কেউ ভেঙে ফেললে অবশ্যই অপরাধ হিসেবে ধরা হবে। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
চকবাজার থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়।
“তবে ভাওয়াল রাজার কাচারী বাড়ি ভেঙে ফেলা হচ্ছে-এমনটি দেখা যায়নি।”
আগে কেউ এটি ভাঙার চেষ্টা করতে পারে জানিয়ে ওসি বলেন, “থানায় কেউ এসে দাবি করেনি যে তারা কাচারী বাড়িটি ভাঙতে চায়। এজন্য তাদের কাছে প্রয়োজনীয় দলিল আছে। আবার থানাকেও কেউ নির্দেশনা দেয়নি যে এ কাচারী বাড়িটি যেন কেউ না ভাঙে সেদিকে নজর রাখতে।”
রাউজকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক শেখ জাহিদ হাসান বলেন, “আমরা বিষয়টি জানার পরপরই চকবাজার থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”
প্রত্নতত্ত্ব অধিপ্তরের মহাপরিচালক শিরীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এরকম একটি অভিযোগ শুনেছি। তবে ওই স্থাপনাটি এখনো ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত নেই। রোববার আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়ে দেখব, সেটি তালিকাভুক্ত হবার যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে তা সংরক্ষণে ব্যবস্থা নেব।”
