নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সব্জিবোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।
গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
নিহতরা হলেন-নওগাঁর পত্মীতলার শিবপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের ছেলে সুশীল চন্দ্র বর্মণ (৪৫), গণেশ চন্দ্র বর্মণের ছেলে স্বপন চন্দ্র বর্মণ (১৬), উজ্জল চন্দ্র বর্মণের ছেলে রিপন চন্দ্র বর্মণ (২০) এবং একই গ্রামের সুশীল চন্দ্র বর্মণ (৩২), সুব্রত চন্দ্র বর্মণ (৪০), ধনেশ চন্দ্র বর্মণ (৪০) ও বাবুল মন্ডল (৩৫)।
নিহত সুশীল চন্দ্র বর্মণের ছেলে মাহিন্দ্র চন্দ্র বর্মণ এ ঘটনায় আহত হন। আহত বাকিরাও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ওসি আসাদুজ্জামান বলেন, বগুড়া থেকে পটল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ট্রাকটি। পথে বেশকিছু যাত্রী নেয় ট্রাকের চালক। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে। সেখানে পানি থাকায় ট্রাকের অর্ধেক তলিয়ে যায়।
আহত মাহিন্দ্র চন্দ্র বর্মণ বলেন, “চট্টগ্রাম যেতে তারা ১৭/১৮ জন ৪০০ টাকা ভাড়ায় ট্রাকটিতে উঠেছিলেন। ট্রাকটি খাদে পড়ে যাওয়ার সময় কয়েকজন ঘুমিয়ে ছিলেন।”
প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান বলে জানিয়েছেন রূপগঞ্জের ওসি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল ইমতিয়াজ জানান, সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ ট্রাকটি খাদ থেকে তুলেছে। ট্রাক থেকে পটলসহ প্রায় তিনশ’ বস্তা সব্জি উদ্ধার করা হয়েছে।
