ট্রেনে কাটা পড়লেন সাবেক সিভিল সার্জন
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে তেলবাহি ট্রেনের নিচে কাটা পড়ে নওগাঁর সাবেক সিভিল সার্জন ডা. এ টি এম শাহজাহান আলী (৬৫) নিহত হয়েছেন।
শনিবার এ দুর্ঘটনায় নিহত শাহজাহান আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার নিশ্চিন্তপুর গ্রামের প্রয়াত হেলাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ তা স্বীকার করছে না।
ডা. শাজাহান আলী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার সময়ই চালক ট্রেনটি ছেড়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই নওগাঁ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা সান্তাহার জংশনে ছুটে আসেন। বেলা ১১টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আত্মহত্যার ব্যাপারে ওসি সাঈদ ইকবাল জানান, “এ ধরনের ক্ষেত্রে অনেকে অনেক কথাই বলবে। আমার ধারণা ঘটনাটি আত্মহত্যা নয়।”
ডা. শাজাহান আলী ২০০১-২০০২ সাল নওগাঁ সিভিল সার্জন এবং ১৯৯৫ থেকে পাঁচ বছর ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
তার স্ত্রী ডা. নাজলী বেগম এক বছর আগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী।
পরিবারের সদস্যরা জানান, ঢাকা যাওয়ার জন্য সকালে নওগাঁর বাঙ্গাবাড়িয়ার বাসা থেকে বের হন তিনি।
