‘স্ত্রীকে হত্যা’: প্রথম আলোর সাংবাদিক কারাগারে
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুরের বিচারিক হাকিম আদালতের বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে পান্না বালাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান।
পান্না বালার আইনজীবী আলী আশরাফ নান্নু বলেন, “আমরা আদালতে জামিনের আবেদন করেছি। আদালত রোববার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।
শুক্রবার সকালে শহরের ঝিলটুলী এলাকার গৌরাঞ্জলি বালা ভবন থেকে পান্নার স্ত্রী জয়ন্তী সরকারের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই মনোজ সরকার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে পান্না বালা, তার মা অঞ্জলি বালা ও বোন তৃপ্তি বালাকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, ১১ বছর আগে জয়ান্তীর সঙ্গে পান্নার বিয়ে হয়। তাদের কস্তুরী বালা (১০) নামে একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিসহ নানা অজুহাতে জয়ন্তীর উপর অত্যাচার করে আসছিল।
স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
