২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালপুরে স্টেশনে সংঘর্ষ: ৩টি মামলা 

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে টিকিট কাটা নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শুক্রবার গভীর রাতে লালপুর থানায় একটি এবং ঈশ্বরদী রেলওয়ে থানায় দুটি মামলা হয় বলে থানাগুলোর কর্মকর্তারা নিশ্চিত করেন। 

শুক্রবার সকালে ট্রেনের টিকেট কাটা নিয়ে লালপুরের ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। পুলিশ প্রথমে তিন জন নিহত হওয়ার কথা বললেও পরে সংশোধন করে দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হুমায়ূন কবীর জানান, সংঘর্ষে নিহত জীবন আলীর বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ মামলায় অজ্ঞাত পরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

ওসি হুমায়ূন কবীর আরো জানান, ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন এ থানায়।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি সম্পদ ভাংচুরের অভিযোগ করা হয়েছে বলে ওসি জানান।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, সংঘর্ষে নিহত জামাত আলীর বাবা আমজাদ হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এসব মামলায় শনিবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বলে এ দুই থানার কর্মকর্তারা জানান।