রংপুরে দুর্ঘটনায় ৩ ছাত্রদল নেতা নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সংগঠনটির উপজেলা কমিটির দপ্তর সম্পাদক ফিরোজ মাহমুদ, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান ও সদস্য মিজানুর রহমান মিজান।
রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল তিন নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেলে এ তিন ছাত্রনেতা এক ইফতার মাহফিলে যোগ দিতে উপজেলা সদর থেকে স্থানীয় সঠিবাড়ি এলাকায় যাচ্ছিলেন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলা সদরের দুলাপুর এলাকায় একটি নসিমনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এ তিন জন রাস্তায় পড়ে যান।
এ সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর-বগুড়া মহাসড়কে অবরোধ দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
