ইচলী লঞ্চ রুট বন্ধ ঘোষণা
ঘূর্ণি স্রোত আর তীব্র ঢেউয়ের কারণে চাঁদপুরের মেঘনা ডাকতিয়া নদীর মিলনস্থলের বড়স্টেশন মোলহেড থেকে ইচলী রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটি-এর উপ-পরিচালক চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, বড়স্টেশন মোলহেডে স্বাভাবিকের চেয়ে পানি বেশি বেড়ে গেছে। সেখানে প্রচণ্ড ঘূর্ণি স্রোত সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাই ডাকাতিয়া নদীর ইচলী লঞ্চ ঘাট থেকে কোন লঞ্চ মঙ্গলবার থেকে ছেড়ে যাবে না। ঢাকা ও চাঁদপুর থেকে কোন লঞ্চ ইচলী ঘাটে যাবেও না।
গত দুই দশকে এই মোলহেড এলাকায় কয়েকটি লঞ্চ ডুবির ঘটনায় হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
মোলহেড ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় গত জুনের শেষে চাঁদপুর বড়স্টেশন লঞ্চঘাট ডাকাতিয়া নদী থেকে সরিয়ে মাদ্রাসা রোডের মেঘনা নদীর বিকল্প লঞ্চ ঘাটে নেয়া হয়।
তারপরও ঢাকা-চাঁদপুর-ইচলী রুটে চলাচলকারী লঞ্চ এমভি রফরফ, এমভি জমজম, এমভি তুতুল, এমভি ইমাম হাসান, এমভি সোনার তরী, এমভি প্রিন্স অব রাসেলসহ বেশ কয়েকটি বড় লঞ্চ ঝূঁকি নিয়েই মোলহেড দিয়ে চলাচল করছিল।
বন্দর কর্মকর্তা জানান, নিষেধের পরও ঝুঁকি নিয়ে কোন লঞ্চ চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
