২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের ভুলে মালিককে জরিমানার রায় বহাল

দুই যুগের বেশি সময় আগে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু গাড়ি চাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 01:03 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

‘দায়ী’ কোম্পানির আবেদন নিষ্পত্তি করে দিয়ে রোববার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

তবে ক্ষতিপূরণের পরিমাণ পূর্ণাঙ্গ রায়ে পুনর্নির্ধারণ করা হবে বলে রায়ে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Image
মোজাম্মেল হোসেন মন্টু

মোজাম্মেল হোসেন মন্টু

মোজাম্মেল হোসেনের স্ত্রী রওশন আক্তারের পক্ষে আদালতে শুনানি করেন খলিলুর রহমান। আর ওই গাড়ির মালিক প্রতিষ্ঠান  বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পেপসিকোলা) পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

পেপসিকোলার একটি ট্রাক ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর কাকরাইলের আনন্দ ভবনের সামনে মোজাম্মেল হোসেনকে গাড়ি চাপা দেয়। বাদশা মিয়া নামে কোম্পানির এক ড্রাইভার গাড়িটি চালাচ্ছিলেন।

ওই বছর ১৬ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মন্টু।

মোজাম্মেল হোসেন মন্টুর স্ত্রী রওশন আক্তার ক্ষতিপূরণ চেয়ে ১৯৯১ সালের ১ জানুয়ারি ঢাকা তৃতীয় সাব জজ আদালতে মামলা করেন।

২০০৫ সালের ২০ মার্চ বিচারিক আদালত রায় দেয়, যাতে নিহতের পরিবারকে ২ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে কোম্পানিকে নির্দেশ দেয়া হয়।

চালকের ভুলে কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়া যায় না যুক্তি দেখিয়ে পেপসিকোলা হাই কোর্টে আসে। হাই কোর্ট ২০১০ সালে দেয়া রায়ে চালকের ভুলে কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়া যায় বলে মত দেয়ার পাশাপাশি টাকার পরিমাণ কমিয়ে ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করে দেয়।

কোম্পানি ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেই তাদের আবেদন নিষ্পত্তি করা হয়।

রায়ের পর আবেদনকারী আইনজীবী মো. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ক্ষতিপূরণের বিষয়ে পর‌্যবেক্ষণ দিয়ে আদালত পেপসিকোলার আবেদন নিষ্পত্তি করে দিয়েছে। এর মাধ্যমে মামলার আইনগত দিক বহাল থাকল। তবে ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ হবে।

“চালকের ভুলে গাড়ির মালিককে অর্থদণ্ড দেয়ার রায় আমাদের দেশে আর হয়নি। এটা একটি দিগন্ত উন্মোচনকারী রায়। এই রায়ের ফলে এখন থেকে গাড়ির মালিকরা দক্ষ চালক নিয়োগ দেবেন।”

খলিলুর বলেন, এখন থেকে কোনো কর্মচারী কর্তব্যরত থাকা অবস্থায় কারো ক্ষতি করলে কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে।