তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ মহাপরিচালক
সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডি কে পাঠক।
শনিবার বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শনে এসে বিজিবির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আরিফুল হক জানান, সকালে বিএসএফ মহাপরিচালক বাংলাবান্ধার বিপরীতে ভারতীয় ফুলবাড়ি বিওপি পরিদর্শনে আসেন। পরে সকাল সোয়া ৯টার দিকে তিনি সীমান্তের জিরো লাইনে বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন।
বৈঠকে বিএসএফ মহাপরিচালক সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
এ সময় বিজিবির পক্ষ থেকে ভারতে অনুপ্রবেশকারী সাধারণ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশে হস্তান্তর না করে বিজিবির কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়।
বৈঠকে চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহল বিষয়ে আলোচনা হয়।
একই সঙ্গে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, বিশেষ পরিস্থিতিতে সবোর্চ্চ সংযম প্রদর্শন, সীমান্তের যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে উভয়পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিবির রংপুর অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার, বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি এসকে সুধ ও বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিদলটি বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
