প্রাকৃতিক সম্পদ ব্যবহারে নীতি প্রণয়নের সুপারিশ
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে যেন জনস্বার্থ উপেক্ষিত না হয়, সেজন্য নীতি প্রণয়নের সুপারিশ করেছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সুন্দরবন সংলগ্ন এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারী নাগরিক সংগঠনটি মিয়ানমারের পর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার প্রেক্ষাপটে শনিবার এক মতবিনিময় সভায় এই সুপারিশ করে।
কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “গ্যাসসহ সমুদ্র ও স্থলভাগের সব সম্পদ মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে। এ জন্য জনস্বার্থে নীতিমালা দরকার।
‘সমুদ্র সম্পদ, বড়পুকুরিয়া ও সুন্দরবন : জাতীয় স্বার্থ’ শীর্ষক এই মতবিনিময় সভায় তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “গ্যাসসহ সমুদ্র ও স্থলভাগের সব সম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে। এ জন্য জনস্বার্থে নীতিমালা দরকার।”
প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে এক পাল্লায় তুলে তিনি বলেন, “নানা বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির ভিন্নমত থাকলেও সমুদ্রের গ্যাস-তেল ব্লক বিদেশিদের হাতে তুলে দেয়ার বিষয়ে তাদের ঐকমত্য রয়েছে।”
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমজুল হক বলেন, “আন্তর্জাতিক যত নীতিমালা আছে তাতে পরিবেশ রক্ষার কথা বলা আছে। তাই পরিবেশ প্রকৃতি ঠিক রেখে সমুদ্রের সম্পদ আহরণ করতে হবে। তার আগে সম্পদের পরিমাণ নির্ধারণ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এখনি পদক্ষেপ নিতে হবে।”
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পদক্ষেপের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের নীতিমালা প্রণয়নের জোর সুপারিশ করেন বক্তারা।
তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “শুধু রামপাল বিদ্যুৎ প্রকল্প নয়, নানাভাবে সুন্দরবন ধ্বংস হচ্ছে। তাই শুধু সুন্দরবন রক্ষা নয়, সুন্দরবন বাঁচাতে আন্দোলন গড়ে তুলতে হবে।”
সভায় অধ্যাপক তানজিমউদ্দিন খান বলেন, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। এখানকার গাছ মাটি পর্যন্ত কার্বন শোষণ করে। সেই সুন্দরবন এলাকায় তাপ বিদ্যুৎ প্রকল্প করার ‘কুযুক্তি’ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, “রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে সরকার একতরফা প্রচার করছে। ওই অঞ্চলের মানুষ ও বিশেষজ্ঞদের কথা বলতে দেয়া হচ্ছে না। এটা গণতন্ত্রের নমুনা হতে পারে না।”
আনু মুহাম্মদ দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তনের সমালোচনা করেন।
“বর্তমান প্রধানমন্ত্রী এই চুক্তির পক্ষে তার অবস্থান ঘোষণা করেছিলেন। অথচ আজ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার অশুভ আয়োজন করা হচ্ছে।”
সভায় আরো বক্তব্য রাখেন প্রাণীবিজ্ঞান বিশেষজ্ঞ আবুল বাশার, প্রকৌশলী বিডি রহমতউল্লাহ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।
সভায় সুন্দরবন রক্ষাসহ ৭ দফা দাবিতে আগামী ১১ অগাস্ট খুলনায় আঞ্চলিক কনভেনশন, ১৮-২০ আগস্ট খুলনা অঞ্চলে সাংস্কৃতিক অভিযাত্রা, ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস ও ১৩ সেপ্টেম্বর জাতীয় কনভেনশন সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
