বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
মালয়েশীয় বিমান বিধ্বস্ত হয়ে প্রায় তিনশ’ আরোহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আাব্দুল রাজাককে পাঠানো এক শোকবার্তায় এ ঘটনায় স্বজনহারানো পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
“প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে এই শোক সামলে উঠতে পারে সেজন্য প্রার্থনা করেছেন,” জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও এই প্রাণহানিতে শোক জানিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ হাজী আমানকে বার্তা পাঠিয়েছেন।
বৃহস্পতিবার রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেইনের সংঘাতপূর্ণ এলাকায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ভূপাতিত করা হয়।
ইউক্রেইন সরকারের অভিযোগ রাশিয়ার সেনাবাহিনীর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরাও ঠিক একই অভিযোগ এনেছে ইউক্রেইনের সরকারি বাহিনীর বিরুদ্ধে।
