চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন
নানা আয়োজনে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২৮ তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলতায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানটি শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান তার বক্তব্যে বলেন, "যেকোনো ঘটনার সবচেয়ে কাছাকাছি গিয়ে ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা কাজ করে থাকেন।
"যেকোনো সংবাদে একজন রিপোর্টারের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে থাকেন তারা।"
অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম তার বক্তব্যে ফটো সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বক্তব্যে সাংবাদিকরা সমাজের পরিবর্তনে ভূমিকা রাখেন উল্লেখ করে বলেন, "আমরা পাঠকরা সবসময় সংবাদপত্রে ছবির সাথে সংশ্লিষ্ট সংবাদটিই সবচেয়ে বেশি পড়ে থাকি।"
সমাজের অসংগতি রক্ষায় ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তিনি নিজেদের উৎকর্ষতার জন্য সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বর্ষপূর্তির এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিইউজের সভাপতি এজাজ ইউসুফী,
এছাড়াও এতে বক্তব্য দেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ চৌধুরী ফরিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, বিএফইউজের সদস্য মোহাম্মদ ফারুক প্রমুখ।
