চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের পর যুবক উদ্ধার
চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে বরিশাল থেকে চট্টগ্রামে ডেকে এনে অপহরণ করার একসপ্তাহের মাথায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম কোতোয়ালী থানায় নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর নিউ মার্কেট এলাকায় ৯ জুলাই অপহৃত হওয়ার পর বান্দবানের কুহালং এলাকা থেকে অপহৃত আল আমীনকে উদ্ধার করা হয়।
বুধবার সকালের ওই উদ্ধার অভিযানে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আজিজ (৩৩), তার ভাই মো শফি (৩৬), মো. আক্কাস (২৫) এবং উছালা খেয়াং (৩০)।
পুলিশ কর্মকর্তা মনজুর জানান, অপহরণকারী আক্কাস ও আজিজ চট্টগ্রাম ক্যাপিটাল ড্রেজিংয়ে আল আমীনের সহকর্মী ছিলেন ।
তিনি বলেন, "গত ২৮ জুন চাকুরিচ্যুত হলে বরিশালে তার বাড়িতে চলে যান আল আমীন।
"এরপর ৯ জুলাই তিনি চট্টগ্রাম আসলে আক্কাস ও সোহেল নামের আরেক যুবক কাজ পাইয়ে দেয়ার কথা বলে কৌশলে আল আমীনকে বান্দরবান নিয়ে একটি পাহাড়ের ওপর আটকে রাখে।"
অপহরণের সময় তাদের মাইক্রোবাসে দুইজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক ছিল বলে জানান উপ- কমিশনার মোর্শেদ।
কুহালংয়ের খেয়াং পাড়ার জনপ্রতিনিধি মাছা খেয়াংয়ের নেতৃত্বে উপজাতি লোকদের সহায়তায় কোতোয়ালী ও বান্দরবান সদর থানা পুলিশ কুহালংয়ের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে আল আমীনকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ জানান, আল আমীনকে বান্দরবানে আটকে রেখে অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় আল আমীনের বড় ভাই রাজিব উল্লাহ আজিজ ও আক্কাসকে আসামি করে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুহালং এলাকার বিভিন্ন পাহাড়ে মাচা তৈরি করে আল আমীনকে রাখা হয়।
তিনি জানান, এসময় আল আমীনের পরিবারের হয়ে পুলিশ অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দরকষাকষি করলে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে।
“টাকা দিতে গিয়ে পুলিশ অপহরণকারীদের তিনজনকে ধরে ফেলায় অপহরণকারীরা আল আমীনকে ছেড়ে দেয়।”
ঘটনার পর থেকে টানা অভিযান চালিয়ে বান্দরবানের সীমান্তবর্তী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চেমিমোমা এলাকার বাইকঘাটা থেকে গত মঙ্গলবার শফিকে ও তার স্কীকারোক্তি অনুযায়ী কুহালং এলাকার চেমি খাল এলাকা থেকে তার ভাই আজিজকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
অভিযানে উছালা খেয়াংকে একটি পাহাড় থেকে গ্রেপ্তারের পর বুধবার সকালে আল আমীনকে উদ্ধার করা হয় ।
মহিবুর জানান, এ খবর পেয়ে আল আমীনকে ছেড়ে দিয়ে তার প্রহরায় থাকা অপহরণকারী দলের সদস্য আক্কাস দ্রুত পালিয়ে যাওয়া চেষ্টা করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আক্কাসকেও গ্রেপ্তার করে পুলশ।
