২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসমিল্লাহ গ্রুপের মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বিসমিল্লাহ  গ্রুপর ঋণ কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 09:29 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার বুধবার মহিউদ্দিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে মহিউদ্দিনের জামিন চেয়ে শুনানি করেন সৈয়দ রেজাউর রহমান।

শুনানি নিয়ে মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাম মহিউদ্দিন আহমেদ বিসমিল্লাহ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বে-ইয়ার্ন ট্রেডিংয়ের কর্ণধার। বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে দুদকের দায়ের করা ১২টি মামলার একটির আসামি তিনি।

গত বছরের ৩ নভেম্বর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলায় ৫৮ কোটি ৩৯ লাখ টাকার অনিয়মের অভিযোগ রয়েছে।

অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক থেকে ওই অর্থ ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলাটি করেছে দুদক।

দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।

পুরনো খবর:

বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে ১২ মামলা