চট্টগ্রামে খাল উদ্ধারে এক মাসের মধ্যে অভিযান
চট্টগ্রামের বিভিন্ন খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আগামী এক মাসের মধ্যে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে নদী সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটি।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে কমিটির সভায় এ সিদ্ধান্তের পাশাপাশি কর্ণফুলী নদী দূষণমুক্ত করাসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়।
কমিটির সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত জানান বৈঠকের সভাপতি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ভূমিমন্ত্রী শরীফ শামসুর রহমান, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল, জিয়া উদ্দিন বাবলু, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী বলেন, “চট্টগ্রামে খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো আগামী এক মাসের মধ্যে উচ্ছেদ করতে হবে। কোনো নোটিস ছাড়াই মাইকিং করে এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। তা না মানলে পরবর্তীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।”
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ থাকবে বলে জানান তিনি।
বৈঠকে ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডকে সম্পৃক্ত করে কর্ণফুলী ও হালদা নদীর লবণাক্ততা কমাতে বিশেষজ্ঞদের নিয়ে জরিপের সিদ্ধান্ত হয়।
শাজাহান খান জানান, কর্ণফুলীর দূষণ রোধে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যাপারে ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে। এছাড়া নদীর সীমানা নির্ধারণে সিএস ও আরএস জরিপের মাধ্যমে নদীকে দখলমুক্ত করা হবে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বৈঠকে বলেন, দেশের পাঁচ থেকে সাত শতাংশ কাগজের চাহিদা মেটায় কর্ণফুলী পেপার মিল। কিন্তু মিল থেকে প্রতিদিন ১০ কোটি মেট্রিক টন বর্জ্য ফেলা হয় কর্ণফুলী নদীতে।
নদী দূষণ রোধে এই মিলে ইটিপি স্থাপন করতে কমপক্ষে ৫০ কোটি টাকা প্রয়োজন বলে জানান তিনি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন. “পেপার মিলটি সরকারের একটি ‘লস প্রজেক্ট’। এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কিনা তা দেখার বিষয়।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, “অনেকেই আছেন, যারা মিলটি বন্ধ হয়ে গেলে খুশি হবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে গেলে ইটিপি স্থাপনের জন্য দেড়শ কোটি টাকা পাব।”
প্রতিষ্ঠানটিকে লাভজনক করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
গণপূর্তমন্ত্রী আরএস জরিপ অনুযায়ী নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা পিলার স্থাপনের পরামর্শ দেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কর্ণফুলী পেপার মিল ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠাকে নদী দূষণের জন্য দায়ী করেন।
সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল কর্ণফুলী নদী রক্ষায় আলাদা কর্তৃপক্ষ গঠনের কথা বলেন।
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে দূষণমুক্ত করতে সমন্বিত প্রয়াসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বিএস জরিপে অনেক খাল আর নদী ছোট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “নদী সরকারের। সরকার নদী লিজ দেয় না বা বিক্রি করে না। তাই নদীর মানচিত্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।’’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম ও ওয়াসা চেয়ারম্যান মো. ফজলুল্লাহ বৈঠকে উপস্থিত না থাকায় মঈনউদ্দিন খান বাদল ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে উপস্থিত একটি সূত্রে জানা যায়।
