জামিন পেলেন পিলখানা হত্যা মামলায় দণ্ডিত আসামি
পিলখানা হত্যা মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া এক আসামিকে জামিন দিয়েছে হাই কোর্ট।
আসামিপক্ষের আইনজীবী বলছেন, এই মামলায় দণ্ডিতদের মধ্যে এই প্রথম কেউ জামিন পেলেন।
সরওয়ার হোসেন নামে আনসার বাহিনীর এই সদস্য বিচারিক আদালতে রায় ঘোষণার আগেও জামিনে ছিলেন। রায়ে কারাদণ্ড হলে তাকে কারাগারে পাঠানো হয়।
বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার তাকে ১ বছরের জামিন মঞ্জুর করে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
ফাইল ছবি
“ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কেবল একটি মোবাইল রাখার কারণে বিচারিক আদালতে দণ্ড হয় সরওয়ারের। অন্যদিকে মোবাইলদাতা সিপাহী তৌহিদের খালাস হয়।”
আপিলে এই যুক্তি তুলে ধরে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
এর চার বছর পর ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান যে রায় ঘোষণা করেন, তাতে ১৫২ জনকে জওয়ানকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এরপর অন্য অনেকের সঙ্গে সরওয়ারকেও গ্রেপ্তার করা হয়।
