২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ

তাইওয়ানে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স ২০১৪’-তে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের চার শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 08:46 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ১৩ জুলাই থেকে তাইওয়ানের রাজধানী তাইপেতে আট দিনব্যপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হচ্ছেন- চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার, বিএএফ শাহীন কলেজের লাবিব মো. রশিদ, নটরডেম কলেজের তন্ময় মল্লিক এবং গভর্মেন্ট এম এম সিটি কলেজের হাছিব আল মুহাইমিন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাইন হেইকেল জামি প্রতিযোগী দলটির নেতৃত্ব দিবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ ২০০৪ সালে সর্বপ্রথম পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করে। এরপর ২০০৬ সাল থেকে এ বিশ্বমানের প্রতিযোগিতায় বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করছে।

২০০৯ সালে বুলগেরিয়াতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিটি কলেজের ছাত্র মোহাম্মদ আবিরুল ইসলাম বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্যপদক অর্জন করেন।

বাংলাদেশের পক্ষে যে কোনো ধরনের অলিম্পিয়াডে প্রথম রৌপ্যপদক অর্জন ছিলো সেটি। এছাড়া ওই প্রতিযোগিতায় উপমহাদেশের আটজন প্রতিযোগীর মধ্যে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছিলো আবিরুল।

এরপর ২০১২ সালে ইটালিতে ধনঞ্জয় বিশ্বাস এবং  বৃষ্টি শিকদার (সারা পৃথিবীতে মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ বিবেচিত হয়ে) ব্রোঞ্জ পদক অর্জন করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়াতে ধনঞ্জয় বিশ্বাস আবারো ব্রোঞ্জ পদক অর্জন করে।

মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে গঠিত বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ এই মর্যাদাকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশে স্কুল-কলেজের ছাত্রদের জন্য বিভাগীয় ও বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করে থাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সাল থেকে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সব কর্মসূচির আর্থিক পৃষ্ঠপোষকতা করে থাকে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।