আওয়ামী লীগ ভয় পায় না: জয়
বাংলাদেশের জন্য আওয়ামী লীগ সরকার যে কোনো দেশের সঙ্গে লড়াই করতে রাজি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেছেন, “সমুদ্রসীমায় ভারতের সঙ্গে আমরা বিজয়ী হয়েছি, এর আগে মিয়ানমারের সঙ্গেও বিজয়ী হয়েছি। এটা আওয়ামী লীগ সরকারের জন্যই হয়েছে।
“আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য যে কোনো দেশের সঙ্গে লড়াই করতে রাজি। আমরা ভয় পাই না। আমাদের একটাই চিন্তা। বাংলাদেশের কী প্রয়োজন, কিভাবে বাংলাদেশের উন্নয়ন হবে।”
শনিবার পৈত্রিক এলাকা রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশে একথা বলেন জয়।
প্রধানমন্ত্রীপুত্র জয় এদিন দুপুরে পীরগঞ্জে এসে তিনটি স্কুলে কম্পিউটার ল্যাব ও ওয়াইফাই সংযোগ এবং তিন হাজার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এরপর পাটচাষীদের নিয়ে এক সমাবেশ বক্তৃতা দেন তিনি।
তিনি দেশের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন ও সারাদেশে এক লাখ ওয়াইফাই জোন করার ঘোষণাও দেন।
ভোরে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুরে পীরগঞ্জের জয়সদনে পৌঁছান জয়। সেখানে বিশ্রাম ও বাবার কবর জিয়ারত করে পীরগঞ্জ শহরের কসিমননেছা মাধ্যমিক বিদ্যালয়ে আসেন তিনি।
তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দুপুর ২টায় কসিমননেছা মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি স্কুলের কম্পিউটার ল্যাব, ওয়াইফাই ও টেলিটকের থ্রিজি সার্ভিসের উদ্বোধন করেন জয়, পীরগঞ্জে এটাই প্রথম ওয়াইফাই ও থ্রিজি সার্ভিসের উদ্বোধন।
জয় বলেন, “আওয়ামী লীগ সরকার ২৫ হাজার স্কুলে কম্পিউটার ল্যাব বানিয়েছে। আমাদের স্বপ্ন, দেশের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব বানাব। মানুষের ফ্রি ইন্টারনেইট ব্যবহার বাড়াতে এক লাখ ওয়াইফাই জোন বানানো হবে।”
এরপর পাশের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে পাটচাষীদের নিয়ে এক সমাবেশে বক্তৃতা দেন জয়। ওই সমাবেশে ‘উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগের সুবিধাভোগী প্রায় হাজার খানেক চাষী সমাবেশে যোগ দেন। পাটচাষীরা ছাড়াও স্থানীয় মানুষও জনসভায় আসেন।
সমাবেশের শুরুতেই জয় পীরগঞ্জের ৫০ গ্রামের প্রায় ৩ হাজার গ্রাহকের নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন। এ জনসভায় অধিকাংশ সময়ই উত্তবঙ্গের উন্নয়ন নিয়ে বক্তৃতা দেন জয়।
তিনি বলেন, “আপনারা দাবি করেছিলেন, বিদ্যুত চান। আমরা ওয়াদা করেছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। সে দাবি পূরণে আমরা কাজ করে যাচ্ছি।
জয় আরো বলেন, পীরগঞ্জে একটি টেক্সটাইল কলেজ স্থাপন, উত্তরবঙ্গ ও পীরগঞ্জে শিল্প কারখানা স্থাপন, উত্তরবঙ্গে একটি হাইটেক পার্ক স্থাপন এবং উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
শেখ হাসিনার ছেড়ে দেয়া পীরগঞ্জের আসনে বিজয়ী উপনির্বাচনে বিজয়ী শিরীন শারমিন বলেন, “সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের অহংকার। তিনি পীরগঞ্জের মানুষ ও উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দেন। পীরগঞ্জের উন্নয়নের বিষয়ে তিনি সবসময় আমার কাছ থেকে এই আসনের খোঁজ-খবর নেন।”
জনসভা শেষে ঢাকার পথে রওনা হন জয়। পথে বগুড়ায় তিনি ইফতারের জন্য যাত্রাবিরতি দেন।
