২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-রাজশাহী বিশেষ ট্রেন নেই এবারও

ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে রেলওয়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধন্ত নিলেও গত দুই বছরের মতো এবারও বঞ্চিত করা হয়েছে রাজশাহীকে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

ঈদে রাজশাহী-ঢাকা রুটে এবারও কোনো বিশেষ ট্রেন থাকছে না। এমনকি এই রুটে নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনে নতুন বগিও সংযোজন করা হবে না। ফলে ঈদে এ অঞ্চলের ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে মনে করছেন অনেকেই।

রাজশাহী-ঢাকা রুটে সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন নিয়মিত চলাচল করে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন ঈদ উপলক্ষে সারা দেশে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানান।

পাঁচ জোড়া বিশেষ ট্রেনের মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে চলাচল করবে।

রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী বিশেষ কোনো ট্রেনের ব্যবস্থা এবার থাকছে না। এছাড়াও রাজশাহী-ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলোতেও অতিরিক্ত কোনো বগি সংযোজন করা যাচ্ছে না।

“তবে রাজশাহী থেকে খুলনা ও পারবর্তীপুরগামী যেসব ট্রেন চলাচল করে সেগুলোতে একটি করে শোভন কোচ সংযুক্ত করা হবে,” বলেন তিনি।

রাজশাহী রক্ষা সংগ্রম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, গত কয়েক বছর ধরে ঈদে রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ট্রেন দেয়া হচ্ছে না। এজন্য ঈদের আগে-পরে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানান তিনি।