মেঘনার ভাঙন, হুমকিতে ৮টি গ্রাম
বর্ষা মৌসুমের শুরুতেই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে উপজেলার দুই ইউনিয়নের আটটি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পথে।
গ্রামগুলো হলো চরকালকিনি ইউনিয়নের চরসামছুদ্দিন, মতিরহাট, তালতলি, হাজীগঞ্জ, কাদির পণ্ডিতেরহাট ও চরজগবন্ধু, চরফলকন ইউনিয়নের ডিএস ফলকন ও লুধুয়া ফলকন।
এসব গ্রামের ২৫ সহস্রাধিক মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা তীরের ওই গ্রামগুলোতে চলছে ভয়াবহ ভাঙন। ক্রমান্বয়ে মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট ও সেতু-কালভার্টসহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা।
স্থানীয় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, ভাঙন রক্ষার জন্য কমলনগরকে প্রায় দুইশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে। প্রকল্পটি অনুমোদন হলে ভাঙন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ভাঙন থেকে কমলনগরবাসী রক্ষা পেতে পারেন।
মেঘনার ভাঙনে স্বর্বস্ব হারানো দিনমজুর আমির হোসেন (৪৫) জানান, চরফলকন ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে তার দুই একর জমির একটি বসতবাড়ি ছিল। পুকুরের মাছচাষসহ বাড়ির আয় ও নিজের চাষাবাদকৃত ছয় একর জমির আয় দিয়ে স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে সুখেই চলেছিল তার সংসার। কিন্তু সর্বগ্রাসী মেঘনা তার সে সুখ স্থায়ী হতে দিল না।
তিনি বলেন, চার বছর আগে ফসলি জমিসহ বসতবাড়িটি নদীতে বিলীন হয়ে গেছে। সবকিছু হারিয়ে তার আশ্রয় হয়েছে লুধুয়া ফলকন এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর। এখন দিনমজুরের কাজ করে কোনোভাবে চলছে তার সংসার।
শুধু আমির হোসেনই নন, মেঘনার ভাঙনে সবকিছু হারিয়ে পথে বসেছেন তার মতো কয়েক হাজার পরিবার।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন প্রতিরোধের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধন, ইউএনও-জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ, লংমার্চ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দিলেও সরকারিভাবে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন জানান, মেঘনার ভাঙনে তার ইউনিয়নের ৮ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়েছেন। এখন ভাঙনকবলিত দুটি গ্রামের ১০ সহস্রাধিক মানুষের নির্ঘুম রাত কাটছে মেঘনার ভাঙন আতংকে।
চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. ছাইফ উল্লাহ জানান, মেঘনার ভাঙনে তার ইউনিয়নের প্রায় অর্ধেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও সরকার এ পর্যন্ত ভাঙন প্রতিরোধে এবং ভাঙনকবলিতদের পুনর্বাসনের জন্য কর্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়রা জানান, ১৯৭০ সালের দিকে চরকালকিনি ও চরফলকন ইউনিয়ন দুটিতে মেঘনার ভাঙন শুরু হয়। দীর্ঘ চার দশকের মেঘনার এ অব্যাহত ভাঙনে চরকালকিনি ইউনিয়নের চরকাঁকড়া, সাহেবেরহাট ও বাতিরঘাট এবং চরফলকন ইউনিয়নের চরকটোরিয়া, চরকৃষ্ণপুর ও পশ্চিম চরফলকনসহ নয়টি গ্রাম সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়।
ভাঙনকবলিত বেশিরভাগ পরিবার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী সদর, সুবর্ণচর, লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলার চরকাদিরাসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর নির্মাণ করে কোনোভাবে বসবাস করছেন। বাকিরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের উপর।
